বলব না
উৎপল মণ্ডল
অথচ সাহস ছিল—
বলে দেওয়ার আগে
কানাকানি হয়ে যাওয়া
কথাটিকে ঘিরে।
ঝপ করে বাসস্ট্যান্ডে নেমে পড়লেই
খুব কাছে মধুমিতাদের আকাশ-আবাসন।
কিন্তু!
পথ নিজেই জানে না
এগোবে না পিছবে...
এই পথই তো,
তার বাড়ির সামনে চুপ মেরে থাকে।
রোজ কত গাড়ি
হকার
মিছিলের চিলচিৎকার
এখান থেকেই দূরে চলে যায়।
ধৈর্যের পরীক্ষা দিয়ে
কত কত ধুলোবালি
তার জানালার কাঁচে
ও কার্নিশে জমে থাকে।
কিংবা থ মেরে আছে
মেঝেতে - পাপোশে।
ঝাড়লে চলে যায় আবার ফিরে আসে।
স্মৃতিরা নিহাতই ধূলিকণা
এবং প্রাগৈতিহাসিক ধরনের,
মিথ্যাই এসব বয়ে বেড়ায়
প্রতিটি রাস্তা
প্রতিটি বাড়ি
প্রতিটা মানুষ।
ওদের বলে দিয়েছি —
'প্রেমের গল্প'
গানে ও কবিতায় খুবই সুলভ।
কয়েকটা ধর্না মঞ্চে কান পাতলে
সব বিক্ষোভ জানাজানি হয়ে যাবে।
তাই বেমালুম গায়েব হয়ে গেছি
সব কথা বলে দেওয়ার আগে।
_________________________________________

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন