রিক্সা
সিঁথির মোড়ে দাঁড়িয়ে আছি।
মৌবনি রিক্সায় উঠে বলল,
ভালো থাকিসঃ-
মনে হল; চোখের জল লুকাতে
চুলের আড়াল নিয়েছে।
এটা স্বাভাবিক।
প্রায় দু'বছরের সম্পর্কে
হয়তো কিছু ধাঁধা এখনো লেগে আছে।
ওর রিক্সা চলতে শুরু করেছে
সে রিক্সা অসম্ভব ভারী হয়ে
আমার বুকের উপর দিয়ে যাচ্ছে।
আর মটমট শব্দে কি সব ভাঙছে!
নির্ঘাত আমার দূর্বল পাঁজর।
লেখার প্রতি ভালোবাসা থাকলে
এ বাজারে সংসার চলে নাহ্
সংসার ভাঙে।
সে ভাঙনেই মৌবনির চলে যাওয়া।
কিন্তু এখন আমার চোখে ভাসছে—
আরেকটা ছবি।
মৌ কল করল,
সিঁথির মোড়ে পাঁচটায় আসবে।
ঠিক সময়ে পৌঁছালাম।
ও দারুন সাজুগুজু করে
রিক্সা চড়ে এল,
সঙ্গে লাগেজ।
বলল সব বাধা কাটিয়ে
পুরো তোর হয়ে চলে এলাম।
আরেহ্ হাতটা শক্ত করে ধর
নামব।
বলতেনাবলতে
রিক্সা থেকে আমার গলা জড়িয়ে ধরলো।
আমি ব্যালেন্স রাখতে না পেরে
ওকে নিয়ে চিৎপাত হয়ে পড়েছি।
যেন বুকের উপর হাল্কা রিক্সা চলছে,
সারা শরীরে জুড়ে
অনুভূতির বিদ্যুৎ চমকচ্ছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন