স্মৃতিপথ
উঠোনে মাটির উনুন।
মা গায়ে শীতের রোদ মেখে
ডাল রাঁধতে রাঁধতে
হাঁক পাড়ে,
মিলু, দুটো তেজপাতা দে যা তো—
ছেলে রান্নাঘরে হয়রান,
খুঁজে পায় না।
মা এসে দুতিনটে পাতা নিয়ে যায়,
ছেলের দিকে তাকায়
চোখের চাউনিতে পরিষ্কার লেখা,
হাতের কাছের জিনিস দেখতে পাস না!
বাবা বলে,
শুনছো মিলুর মা,
আমার মামলার কই কওতো?
কানে মাথায় জড়াতি হবে,
এবারে শীত বড্ডো জাকিয়ে এলো
কি কও?
মা আঙুল নির্দেশ করে,
মুচকি হাসে।
আসলে মাফলার বাবার গলায় জড়ানো।
বাবার অনেক কিছুই খেয়াল থাকে না।
কে টে
গে ছে
ব হু------
ব ছ র —
মিলু এখন
মিলন হালদার।
দুই ছেলে ক্যানাডায়।
স্ত্রীর ছবিতে মালা পরানো
প্রায় পনেরো বছর।
কাজের মেয়ে রুমা।
মাঝে মাঝে ডাল রাঁধে।
কিন্তু তেজপাতা দেয় কিনা
তিনি খোঁজ রাখেন না।
একটা মাফলার কাঁধে ফেলে
সকাল সন্ধ্যা দু কিমি হাঁটেন।
এই হাঁটার পথেই
তিনি মাফলার হয়ে বাবার গলায় জড়ান,
তেজপাতা হয়ে ডুবে যান
মায়ের ডালের কড়াইয়ে—
___________________________________
✍️উৎপলমণ্ডল ✍️

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন