পুকুর
POND
![]() |
| পুকুর কবিতা |
গ্রামের বাড়িতে ছোটোখাটো পুকুর আছে।
মা পুকুরের
আ
ধ
ভা
ঙা
ঘা
টে
নে
মে
কাপড়ে কাচে
থালা বাসন ধুয়ে
স্নান সেরে নেয়।
আমার জন্য স্নানের জল তুলে দেয়।
শহরে চাকরি করি
ন'মাসে
ছ'মাসে
বাড়ি আসি।
একদিন বলি-
মা,পুকুরে নেমে চান করব।
মা পানরাঙা হাসিতে উত্তর দেয়,
পারবু তো খোকা,
ওনেক দিন ওভ্যেস নেই যে---
পুকুরে নেমে ডুব দিলাম----
বিদিশাদের পুকুরে ভেসে উঠেছি,
ও পাঁচ বছরের ছেলেকে সাঁতার শেখাচ্ছে।
ওর ব্যবসায়ী স্বামী পাড়ে দাঁড়িয়ে,
সাঁতার সম্পর্কে প্রয়োজনীয়
অপ্রয়োজনীয়
পরামর্শ দিচ্ছেন।
আরেক ডুবে নিজের পুকুরে ফিরলাম।
আবার ডুব দিলাম,
উঠলাম নোনাজলের নদীতে।
সেখানে দিদা চার ফেলে কাঁকড়া ধরছে।
আমাকে দেখে বলে,
কুমির
কামটে
ভরা গাঙ
জলে মাতামাতি করিস নে,
ওঠ সিগগির।
মায়ের কথা শুনতে পাচ্ছি,
দুপ্পুরব্যালায় ঘুমিয়ে ফটফট করছু রে!
জল তোলা আচে, চান করে
ঝট জলদি খেতে আয় রে বাপ।
তোর জন্য দিদা কত্তো ক্যেঁকড়া এনেচে,
তুই তো ক্যেঁকড়ার ঝাল, টক ভালোবাসু।
আমি চেঁচাই,
মা আআআআআ
আ
র
এ
ক
টা
ডুব।
এই ডুবটা দেওয়া ভীষণ দরকার।
মা মাথা নাড়তে নাড়তে চলে যায় - - - -
পাগোল, ছাওয়াল পাওয়াল
সময়ে বে না করলি এমন ধারা হবু!
শেষ ডুব দিয়ে উঠেছি
বনফুল অ্যাপর্টমেন্টের সুইমিং পুলে—
নীল সুগন্ধি স্বচ্ছ জল
সফেন নরম আদুরে
সুইমিং কস্টিউমে সহেলি,
বসের বুকের ঘনসাদা চুলের ঘেঁষে ঘনিষ্ঠ।
আর কেন?
নিজের পুকুরই ভালো,
ফিরে এলাম।
মাকে বললাম---
শহর, চাকরি ছেড়ে দিলাম।
আমাদের বাড়ির উত্তর দিকের
জলার পুকুরটা সংস্কার করে,
মাছ
কাঁকড়া
চাষ করবো।
ছেলে ফিরে পাওয়ায়,
মায়ের
চোখে জল
ঠোঁট হাসি।
আমি বলি
মা,
তোমার চোখে পুকুর লুকানো আছে।
______________________________________
কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।

এমন পুকুরে খুব দিতে খুব ইচ্ছা করে,,❤️❤️
উত্তরমুছুনএক পুকুর ভালোবাসা
মুছুনKhub sundor hoyeche dada
উত্তরমুছুনঅনেক ভালোবাসা
মুছুনদারুণ
উত্তরমুছুনশুভেচ্ছা
মুছুনAsadharan
উত্তরমুছুনসত্যি পুকুর
উত্তরমুছুন